‘তারকা নই, আমি আপনাদের মতো সাধারণ মানুষ’

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫২ পিএম

পেসার মানেই কি বুনো স্বভাব, তীব্র উদযাপন আর দম্ভ? নাহিদ রানা এই প্রশ্নের একদম বিপরীত উদাহরণ। মাঠে তার বলের গতি, বাউন্স আর আগ্রাসী সিম পজিশনে প্রতিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করতে পারেন। কিন্তু মাঠের বাইরে? একেবারে শান্ত, নম্র, সংযত—একজন মাটির মানুষ। তারকা হওয়ার অহংকার যেন তার কাছে স্পর্শও করেনি। মাঠে দৌড় শুরু করার আগ পর্যন্ত নাহিদ যেন আর পাঁচজন সাধারণ মানুষের মতোই।

তবে বল হাতে ছুটতে শুরু করলেই বদলে যায় দৃশ্যপট। গতি, সুইং আর নিখুঁত ইয়র্কারে প্রতিপক্ষের স্টাম্পে হানা দেন এমনভাবে যে, সারা বিশ্বের ক্রিকেট পণ্ডিতরা তার বোলিং নিয়ে আলোচনা থামাতে পারেন না।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর থেকেই যেভাবে গতির রথে ছুটছেন নাহিদ, বাংলাদেশের প্রথম বোলার হিসেবে বল করেছেন দেড়শ কিলোমেটার গতিতে, যেভাবে নাড়া দিয়েছেন ক্রিকেট বিশ্বে, সেই ধারা ধরে রেখেছেন তিনি চলতি বিপিএলেও। ৯ উইকেট নিয়ে যৌথভাবে আসরের দ্বিতীয় উইকেট শিকারি বোলার তিনি। সিলেট স্ট্রাইকার্সে বিপক্ষে মিরপুরে ৪ উইকেট নিয়ে স্বীকৃতি পেয়েছিলেন ম্যাচ-সেরার।

সিলেটে মঙ্গলবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন আবার। সব মিলিয়ে এখন তিনি দেশের ক্রিকেটের ঝলমলে এক নক্ষত্র। তবে ঢাকার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বললেন, নিজেকে তিনি মাটির মানুষই মনে করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিজেকে আমি কোনো তারকা মনে করি না। আমি আপনাদের মতো সাধারণ মানুষ। তাই সাধারণ থাকারই চেষ্টা করছি। আসলে এই জিনিসগুলো থেকে আমি যত পারি, দূরে থাকার চেষ্টা করি। মানুষ মানুষের প্রশংসা করলে শুনতে ভালো লাগে অবশ্যই। তবে আমি চেষ্টা করি, যত পারি এগুলো থেকে দূরে থাকার। কারণ, নিজের ভেতরে যত সন্তুষ্টি কম আসবে, তত আমি সামনে এগোব ও আমার ভেতরে ক্ষুধাটা থাকবে পারফর্ম করার। তাই চেষ্টা করি এগুলো থেকে দূরে থাকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত