পরিবার, বন্ধু-বান্ধবদের সামনে ১ রান করতে না পারায় হতাশ স্মিথ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ এএম

আর মাত্র একটি রান করতে পারলেই লাল বলে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলতেন স্টিভেন স্মিথ। কিন্তু সেটা হয়নি। ভারতের বিপক্ষে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রসিদ্ধ কৃষ্ণর বল তার ব্যাট ছুঁইয়ে তৃতীয় স্লিপে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়তেই স্মিথের সেই হতাশাটা প্রকাশ পেয়েছিল। এবার নিজের মুখেই বললেন তিনি কতটা হতাশ।

সিডনিতে ক্যারিয়ারের ঠিক ৯৯৯৯ রানে আউট হয়েছেন স্মিথ। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৯৯৯ রানে আউট হয়েছিলেন মাহেলা জয়াবর্ধনে। সেই জয়বর্ধনের দেশ শ্রীলঙ্কার বিপক্ষেই অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট সিরিজ আছে। ওই সিরিজে নিশ্চিতভাবেই দশ হাজার পেরিয়ে যাবেন স্মিথ। কিন্তু ঘরের মাঠে এই মাইফলক ছুঁতে না পারার ব্যর্থতা তাকে হতাশ করেছে।

স্মিথ বলেছেন, ‘এক রান। সেই মুহূর্তে বেশ খারাপ লেগেছিল। খুব হতাশ লাগছিল। নিজের ঘরের মাঠে পরিবার, বন্ধুবান্ধবের সামনে মাইলফলক ছুঁতে পারলে ভালো লাগত। আশা করি, গলে (শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট) একটা রান করে ফেলতে পারব। মনে হয় আগে ম্যাচটায় এই বিষয়টা নিয়ে একটু বেশিই ভেবে ফেলেছিলাম। এত চাপের কিছু নেই। হয়ে যাবে।’

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে স্মিথই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন। কারণ নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই তিনি ছুটি নিয়েছেন। এবার স্মিথের সামনে বিশ্বের ১৫তম এবং অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসাবে টেস্টে দশ হাজার রানের মাইলফলক ছোঁয়ার সুযোগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত