সমকালীন ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত স্টিভেন স্মিথ। রান করার পাশাপাশি দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে দর্শকদের মন ভরাতে তার জুড়ি নেই। সেই স্মিথই কিনা ভারতীয় পেসার মোহাম্মদ শামির একটা ফুলটস বলে বোল্ড হওয়ার পর তিন মাস ব্যাটিং করেননি!
গত ৪ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে ৭৩ রান করে শামির একটি ফুলটস বলে বোল্ড হয়েছিলেন স্মিথ। এরপর অস্ট্রেলিয়ার আর কোনো খেলা ছিল না। আইপিএলে সুযোগ না পাওয়ায় স্মিথও বেকার বসে ছিলেন। একবারের জন্যও ব্যাট হাতে নেননি। পুরো সময় স্মিথ ছিলেন নিউ ইয়র্কে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দিয়ে তিনি মাঠে ফিরতে যাচ্ছেন।
নিজের অলস সময় নিয়ে স্মিথ বলেছেন, ‘ব্যাট বাড়িতেই পড়ে ছিল। কখনও কখনও সেটা হাতে নিয়েছি, ব্যাট করার মতো ভঙ্গি করেছি। কিন্তু সচেতনভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম ব্যাটিং অনুশীলন করব না। আমার জন্য এটা ভালো হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মাদ শামির ফুল টস মিস করার পর একবারও বলে হিট করিনি। সৌভাগ্যবশত, সবকিছুই দারুণভাবে কাজে লেগে গেছে (ফেরার পর প্রথম অনুশীলনে)।’
বিষয়টি ব্যখ্যা করে স্মিথ বলেন, ‘এখন নিজেকে আরও সাবলীল এবং শক্তিশালী মনে হচ্ছে। মাঠে নামার জন্য সম্পূর্ণ তৈরি। আমার ক্ষেত্রে সাধারণত যেটা হয়, প্রথম হিট ভালো হয়, দ্বিতীয় হিট জঘন্য হয়, এরপর সেখান থেকে ক্রমে ভালো হতে থাকে। কিন্তু এবার প্রথম দুটি হিটই ছিল সত্যিই ভালো এবং আমার মনে হচ্ছিল, এখান থেকে আবার উল্টে না গেলেই হয়! আগামী দুই দিন নেটে বাড়তি সময় যেন না কাটাতে হয়।’
ইংল্যান্ডে স্মিথের রেকর্ড এমনিতে দারুণ। ব্যাটিং গড় ৫৫। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু লর্ডসে তার পারফরম্যান্স তো আরও ভালো। এখানে তার ব্যাটিং গড় ৫৮.৩৩। তাই ফাইনালে ভালো করতে মুখিয়ে আছেন স্মিথ, ‘সিডনির বাইরে এটিই (লর্ডস) সম্ভবত আমার প্রিয় মাঠ। এখানকার ঐতিহ্য, উইকেটের ধরনের কারণে মানিয়ে নিতে সময় লাগে। এখানকার মধ্যাহ্ণভোজও দুর্দান্ত। সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য, গত কয়েক বছরে এখানে সত্যিই ভালো খেলেছি’
সাকিবের সঙ্গে ঈদ কাটালেন আল-আমিন, জায়েদ খান
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নেইমার
বাংলাদেশকে হারিয়ে আইসিসির মাসের সেরা আমিরাতের ওয়াসিম
প্রাণহানির ঘটনায় বিরাট কোহলির নামে থানায় অভিযোগ