টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে: প্রেস সচিব

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৩:৪১ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের আমলে বাংলাদেশে বিশ্বের ইতিহাসের মধ্যে বড় ধরনের লুটপাট হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা চোরতন্ত্র তৈরি করেছিলেন। বড় বড় কম্পানিকে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেয়া হয়। তিনি জানান, টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

প্রেস সচিব বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব।

জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। গণমাধ্যমের ভাষা ব্যবহার করে তখন শাসকদের কাছে বার্তা দেয়া হচ্ছিল এই আন্দোলনকারীদের দমন করা উচিত। যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হত, তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হত, আর তখন ন্যারেটিভ হত যে কিছু দুর্বৃত্ত দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে।

তিনি বলেন, কারা কী ভূমিকা রেখেছে তা আমরা আরও ভালোভাবে বিশ্লেষণ করব। তাই সবাইকে তাদের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ লিখে রাখার আহ্বান জানান শফিকুল আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত