যুদ্ধ বন্ধে সম্মত নেতানিয়াহু

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৯ পিএম

যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন হলে চলমান সহিংসতা বন্ধ করতে সম্মত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১১ জানুয়ারি) হামাসের একটি সূত্র লন্ডনভিত্তিক নিউজ আউটলেট আল-আরাবি আল-জাদেদকে জানিয়েছে উল্লেখ করে এক প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।

আল-আরাবি এক প্রতিবেদনে জানায়, গাজা-ইসরায়েল যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর অবস্থানের একটি স্পষ্ট পরিবর্তন হয়েছে। তিনি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় শেষ হওয়ার পরে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন।

ইসরায়েলের জাতীয় সম্প্রচারকারী কান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের সঙ্গে কাতারের জিম্মি এবং যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনার একটি ইতিবাচক বার্তা ইসরায়েলকে পাঠানোর পর নেতানিয়াহু এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

বিতর্কিত বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। এখন আপাতত যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণেই নেতানিয়াহুর অবস্থান পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে আল-আরাবি।

হামাসের একটি সূত্র আরো বলেছিল, যুদ্ধবিরতিকেন্দ্রিক আলোচনা শুরু করার জন্য বিতর্কিত কিছু বিষয় এড়িয়ে মূল আলোচনা শুরু করা হবে। ওসব বিষয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে। এর মধ্যে অন্যতম বিষয় হলো মিসরীয় সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের অপসারণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত