তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের পরিণতি হবে: হাসনাত আবদুল্লাহ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম

পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে, তারা যদি তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হয় তবে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না যারা বলেন, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিলেন বলেও মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, তাদেরও একই পরিণতি হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কি না, তা এখন প্রাসঙ্গিক আলাপ নয় বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতা–কর্মীকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার না হওয়ার পর্যন্ত যারা তাদের পুনর্বাসিত হওয়ার কথা বলবে, যারা বলতে চাইবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, আমরা ধরেই নেব তারা গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ দেশে যে জাহিলিয়াতের রাজনীতি কায়েম করেছে সেখানে তাদেরও ইন্ধন ছিল।

 

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ৫ আগস্ট চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, একদিকে জুলাই–আগস্টের বিপ্লবীরা বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছে, অন্যদিকে রাষ্ট্রতন্ত্র ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত এখন নতুন করে নেওয়ার কিছুই নেই।

কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে দ্রুত অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন। 
এ ছাড়া দুই সংগঠনের স্থানীয় নেতারা পথসভা ও গণসংযোগে অংশ নেন। পরে সিদ্ধিরগঞ্জ চিটাগংরোডে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পথসভার উদ্দেশে রওনা হন তারা। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত