গতির কিংবদন্তি শোয়েবের কাছ থেকে শিখতে চান নাহিদ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম

যাদেরকে কুপোকাত করেছিলেন তাদেরই মনে গেঁথে গেছেন বাংলাদেশের দ্রুততম পেসার নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গতকালের ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় এবারই প্রথম কোনো দলে সুযোগ পেলেন নাহিদ। রংপুর রাইডার্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এর বিপরীতে কৃতজ্ঞতা জানিয়েছেন দেশের উঠতি এ তরুণ পেসার।

পিএসএল খেলতে গেলে সেখানে গতির কিংবদন্তি শোয়েব আখতারের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে নাহিদের। এর জন্য মুখিয়ে আছেন তিনি। ঘন্টায় ১৬১.৩ কিলোমিটার গতির সবচেয়ে জোরে ডেলিভারিটি এখনো শোয়েব আখতারেরই। নাহিদ বলেন, ‘তিনি একজন কিংবদন্তি বোলার। তার মতো একজনের সঙ্গে সাক্ষাত হলে অনেক কিছু শেখার সুযোগ পাবো।’

অবশ্য বর্তমানেই চোখ রাখছেন নাহিদ, ‘অত দূরের কথা এখনো ভাবছি না। বর্তমানে আমার ফোকাস রংপুর ও বিপিএলকে ঘিরে। আগে ভালোভাবে এই টুর্নামেন্টটি শেষ করতে চাই।’ তবে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি নাহিদ, ‘দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার এটিই আমার প্রথম সুযোগ। আমি খুবই খুশি। সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ।’

ফেব্রুয়ারিতে শুরুর কথা থাকলেও চ্যাম্পিয়নস ট্রফির জন্য পিছিয়েছে এবারের পিএসএল সূচী। ৮ এপ্রিল শুরু হয়ে ১৯ মে পর্দা নামবে এবারের আসরের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত