জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির নবনির্বাচিত নেতাদের শ্রদ্ধা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:২৯ পিএম

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নবনির্বাচিত নেতারা। এরপর রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের গণকবরে গিয়ে সেখানে ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তারা। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দলের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্ব দেন।

সেখানে নেতাকর্মীদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও ২৪ জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর শপথ করান।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমার বাংলাদেশ পার্টি ১১ জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্যদের নির্বাচিত করেছে। মুক্তিযুদ্ধে শহীদ ও যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।’

তিনি বলেন, ‘আজকে আমরা শপথ নিয়েছি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের আলোকে ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করব। আমার বাংলাদেশ পার্টির নতুন কমিটির সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আমরা সমস্যা সমাধানের রাজনীতি নিয়ে দেশবাসীর কাছে যাচ্ছি। আশা করি দেশের মানুষ প্রচলিত ধারার রাজনৈতিক ধারণার বাইরে গিয়ে রাষ্ট্র মেরামতের এই নতুন রাজনীতির পাশে দাঁড়াবেন।’ 

এরপর জাতীয় স্মৃতিসৌধ থেকে পার্টির নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার যান। সেখানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।

এ সময় জাতীয় নির্বাহী পরিষদের সদস্যরা, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, যুবপার্টি, নারী নেত্রীরাসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত