নিলামে উঠছে এমপি কোটার ৩১ গাড়ি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:২৫ এএম

অবশেষে নিলামে উঠছে আওয়ামী লীগ সরকারের এমপিদের নামে আসা ৩১টি ল্যান্ড ক্রুজার গাড়ি। গত আগস্ট-সেপ্টেম্বরে বিগত সরকারের এমপিরা শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি এনেছিলেন। কিন্তু ৫ আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এমপিদের পদও চলে যায়। তবে তাদের নামে আনা গাড়িগুলো স্বাভাবিক নিয়মে (শুল্ক দিয়ে) ডেলিভারি নেওয়ার জন্য বলা হলেও তারা নেননি। এখন এই গাড়িগুলো নিলামে উঠছে। এসব গাড়ির সঙ্গে আরও ৬৯টি নতুন ব্র্যান্ডের গাড়িও থাকছে নিলামে।

নিলামের কথা স্বীকার করে চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার সহকারী কমিশনার সাকিব হোসাইন দেশ রূপান্তরকে বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে এমপি কোটায় আনা গাড়িগুলো শুল্ক দিয়ে ছাড় করিয়ে নেওয়ার জন্য আমদানিকারকদের কাছে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে রেসপন্স না পাওয়ায় এখন গাড়িগুলো নিলামে উঠছে। এমন গাড়ি রয়েছে ৩১টি।’

এমপিদের নামে ল্যান্ড ক্রুজার গাড়ি গত আগস্ট-সেপ্টেম্বরে এসেছিল। এসব গাড়ির বর্তমান বাজারমূল্য প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা। কিন্তু নিলামে বিক্রির জন্য গাড়িগুলোর ভিত্তিমূল্য কত ধরা হয়েছে জানতে চাইলে সাকিব হোসাইন বলেন, ৯ কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছে। এই টাকার ৬০ শতাংশ দাম যদি নিলামে পাওয়া যায় তাহলে নিলাম কমিটি ডাক দাতাকে গাড়ি দিতে পারে। এর কম পাওয়া গেলে দ্বিতীয় নিলামের জন্য অপেক্ষা করতে হবে।’

নতুন এসব গাড়ি থেকে আশানুরূপ দাম পাওয়া যাবে কি না জানতে চাইলে সাকিব হোসাইন বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। নিলাম ডাক পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী সপ্তাহে আমরা নিলাম বিজ্ঞপ্তি দিতে পারি।

কাস্টমস সূত্রে জানা যায়, এমপি কোটার ৩১টি ল্যান্ড ক্রুজার ছাড়াও ১৩টি হেভেল, ১টি রেভফোর, ৫টি হ্যারিয়ার, ৩টি নোহা, ৩টি প্রিমিও, ১০টি ড্রাম ট্রাক, ৩০টি মিক্সচার ট্রাক, স্কয়ার ৩টি ও ওসাকা ব্রান্ডের একটি গাড়ি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত