ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপ হালমাহেরার মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। এতে চার কিলোমিটার অঞ্চলজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর পরই ৩ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রায় দুই মিনিট ধরে ইবুতে এ অগ্ন্যুৎপাত হয়।
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার সকালে প্রায় দুই মিনিট ধরে ইবুতে অগ্ন্যুৎপাত শুরু হয়, যার ফলে কর্তৃপক্ষ আশেপাশের এলাকায় সতর্কতার মাত্রা সবচেয়ে তীব্র পর্যায়ে উন্নীত করতে বাধ্য হয়।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি রয়টার্সকে জানান, আগ্নেয়গিরির নিকটবর্তী হওয়ায় ওই এলাকার আশপাশের প্রায় তিন হাজার বাসিন্দাকে বুধবার রাত থেকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, আগ্নেয়গিরির আশপাশে ১৩ হাজার মানুষ বসবাস করছে।
বৃহস্পতিবার সকালের মধ্যে আগ্নেয়গিরির কাছের একটি গ্রাম থেকে ৫১৭ জন বাসিন্দাকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। বিকেলে আরও সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়।
প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের কাছাকাছি অবস্থিত একটি বিশাল দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া। দেশটিতে ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এখানে প্রায়শই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়ে থাকে।
গত বছরও ইবুতে বেশ কয়েকটি অগ্ন্যুৎপাত হয়েছিল। ফলে গত মে মাসে আশপাশের সাতটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।
যুদ্ধবিরতির পর প্রথম কাকে ফোন দেন নেতানিয়াহু, বাইডেন নাকি ট্রাম্প?
সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা