বন্ধ হচ্ছে আদানির দুর্নীতির তথ্য ফাঁস করা হিন্ডেনবার্গ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:১৭ এএম

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং ভারতীয় ধনকুবের গৌতম আদানির দুর্নীতির তথ্য ফাঁস করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করা হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হয়ে যাচ্ছে। আর্থিক বিনিয়োগ গবেষণা সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাথান অ্যান্ডারসন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার হিন্ডেনবার্গ রিসার্চের ওয়েবসাইটে পোস্ট করা এক বার্তায় নাথান বলেন, আমি হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পাইপলাইনে যেসব আইডিয়া ছিল সেগুলোর সব কাজ শেষ হয়ে গেছে। আমাদের হাতে আর নতুন কোনো আইডিয়া নেই। মূলত এ কারণেই এ সিদ্ধান্ত নিয়েছি।

আগামী ২০ জানুয়ারি শপথগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প। তার মাত্র পাঁচ দিন আগে হিন্ডেনবার্গ বন্ধের ঘোষণা দিলেন অ্যান্ডারসন। তবে ওয়েবসাইটের বার্তায় তিনি বলেছেন, কোনো নির্দিষ্ট উৎস থেকে পাওয়া হুমকি বা ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নেননি তিনি। ২০২৩ সালের গত ২৪ জানুয়ারি গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের প্রতারণা নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সাড়া ফেল দিয়েছিল গবেষণা প্রতিষ্ঠানটি। সেখানে বলা হয়, ১০ বছর ধরে শেয়ার কারসাজি এবং আর্থিক লেনদেনে প্রতারণা চালিয়ে আসছে আদানি গ্রুপ। কৃত্রিমভাবে শেয়ারের দর বহুগুণ বাড়িয়ে এ গ্রুপ বিশাল সম্পদ গড়েছে। গত কয়েক বছরে আদানি গ্রুপের কোম্পানির শেয়ার ৫০০ শতাংশেরও বেশি বেড়েছে। হিন্ডেনবার্গের প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই আদানি গ্রুপের সব কোম্পানির শেয়ারের দাম পড়তে শুরু করে। এই দরপতনের জেরে কয়েক হাজার কোটি ডলারেরও বেশি অর্থ খোয়ান গৌতম আদানি। এক অনুসন্ধানে জানা গেছে, হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশের পর ৩৫ শতাংশ বা ২ হাজার ৮০০ কোটি ডলারের সম্পদ হারিয়েছে আদানি গ্রুপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত