বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং তার স্ত্রী হাবিবা হোসেনের লাল পাসপোর্ট বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাবেক প্রধান বনজ কুমার, পল্লী উন্নয়ন ও সমবয় বিভাগের সাবেক সচিব মিহির কান্তি মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস-১ ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের বিরুদ্ধে ইমিগ্রেশনে নিষেধাজ্ঞা জারি করা হয়। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।
অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে। তাদের দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়। জাবেদ পাটোয়ারী বাদে সবাই দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। নির্দেশ জারির পর প্রায় দুই মাস চলে গেলেও তিনি ফেরেননি। ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, জাবেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের দায়িত্ব ত্যাগ করে ২৮ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেন। পরে তিনি দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমান।
এ ছাড়া সাবেক পিবিআই প্রধান বনজ কুমার, সাবেক সচিব মিহির কান্তি মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস-১ ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের বিরুদ্ধে ইমিগ্রেশনে নিষেধাজ্ঞা জারি করায় তাদের পাসপোর্ট অকার্যকর হয়।
