সুদানের সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম

সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ এ ঘোষণা দেয়। খবর আলজাজিরার।

বিবৃতি অনুযায়ী, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সুদানী সশস্ত্র বাহিনী (এসএএফ) প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অস্থিতিশীল করার অভিযোগে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন বাইডেন।

আরও বলা হয়, আল-বুরহানের নেতৃত্বে এসএএফ বেসামরিক নাগরিকদের ওপর মারাত্মক আক্রমণ করেছেন। এর মধ্যে রয়েছে স্কুল, বাজার এবং হাসপাতালসহ সুরক্ষিত অবকাঠামোতে বিমান হামলা করা। বুরহানের বাহিনী নিয়মিত এবং ইচ্ছাকৃতভাবে মানবিক অধিকার নষ্ট করেছেন। তারা যুদ্ধ কৌশল হিসেবে খাদ্য সরবরাহ আটকে দিয়ে বিপর্যয় সৃষ্টির জন্য দায়ী।

এসএএফের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতা মোহাম্মদ হামদান দাগালোর ওপর নিষেধাজ্ঞা আরোপের মাত্র কয়েক দিন পরেই বুরহানের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন।

উল্লেখ্য, আধাসামরিক গোষ্ঠী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই শুরু হওয়ার পর থেকে সুদানে গৃহযুদ্ধ চলছে। লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছে এবং একাধিক প্রদেশে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত সুদানের রাজধানীতে যৌন সহিংসতা বেড়েছে। সুদানের যুদ্ধরত পক্ষগুলো ৯ থেকে ৬০ বছর বয়সী নারী ও মেয়েদের ওপর ব্যাপক যৌন হয়রানি করেছে। একইসঙ্গে তারা রাজধানীতে বেঁচে থাকা ব্যক্তিদের স্বাস্থ্যসেবা পেতে বাধা দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত