পরিচালক এস এস রাজামৌলির নতুন সিনেমায় কাজ করার কথা চলছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর ভারতীয় চলচ্চিত্রে আবার দেখা মিলবে প্রিয়াঙ্কার।
এই সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে দেখা যাবে বলে জানিয়েছে বিনোদনকেন্দ্রিক সংবাদমাধ্যম ফিল্মফেয়ার। আর সেই ছবি নিয়ে কথা বলতেই প্রিয়াঙ্কা হায়দরাবাদে এসেছিলেন বলে জল্পনা শুরু হয়েছে।
গত শুক্রবার রাতে তার হায়দরাবাদে আসার ক্লিপ ভাইরাল হয়েছে। তাকে বেইজ টুপির সঙ্গে বাদামি পোশাকে দেখা গেছে। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় অভিনেত্রী পাপারাজ্জিকে এড়িয়ে যান।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা রাজামৌলির আসন্ন সিনেমার বিষয় ঘোষণায় অংশ নিতে হায়দরাবাদ শহরে রয়েছেন। আরেকটি সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছে, সিনেমাটি নিয়ে প্রিয়াঙ্কা এবং রাজামৌলির মধ্যে সব আলোচনা ইতিবাচক হয়েছে এবং চূড়ান্ত চুক্তি হতে যাচ্ছে।
বিজয়েন্দ্র প্রসাদের লেখা সিনেমাটিতে আমাজন রেইনফরেস্টকে কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়েছে। এই সিনেমাটি অ্যাকশন অ্যাডভেঞ্চার বলে মনে হচ্ছে। এটি ২০২৭ বা ২০২৮ সালের মধ্যে মুক্তি পেতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
