সাজিদ খানের ৯ উইকেটে পাকিস্তানের বড় জয়

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম

বোলারদের দাপটে মুলতান টেস্ট স্থায়ী হলো মাত্র আড়াই দিন। দুই দলের ব্যাটাররাই বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন। বাইশ গজে শুধু বোলারদের রাজত্ব। শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১২৩ রানে অল-আউট করে ১২৭ রানের বড় জয় তুলে নিল পাকিস্তান। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন পাকিস্তানি অফস্পিনার সাজিদ খান।

প্রথম ইনিংসে পাকিস্তানের ২৩০ রানের জবাবে মাত্র ১৩৭ রানে অল-আউট হয়েছিল উইন্ডিজ। ওই ইনিংসে সাজিদ খান ৬৫ রানে ৪টি এবং নুমান আলী ৩৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন। ৯৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। কিন্তু ব্যাটারদের বধ্যভূমিতে কেউই সুবিধা করতে পারেনি। দলের ১৫৭ রানের মধ্যে ৫২ রানই আসে অধিনায়ক শান মাসুদের ব্যাট থেকে। ৩২ রানে ৭ উইকেট নেন ক্যারিবিয়ান বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান।

আজ রবিবার পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় ২৫১ রানের। সেই লক্ষ্য তাড়ায় ৩৬.৩ ওভারে ১২৩ রানের বেশি যেতে পারেনি সফরকারীরা। সাজিদ খান এবার শিকার করেন ৫০ রানে ৫ উইকেট, আবরার আহমেদ নেন ২৭ রানে ৪টি। বাকি একটি নিয়েছেন নুমান আলী। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন আলিক আথানেজ। ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাজিদ খানের হাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত