ট্রাম্পের শপথের আগেই উপকূলীয় সীমান্তে আটক ১৫

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম

নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের আগেই উপকূলীয় সীমান্ত থেকে ১৫ ব্যক্তিকে আটক করেছে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড এবং সহযোগী সংস্থাগুলো। তারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল।

গত বৃহস্পতিবার পয়েন্ট লোমা উপকূল থেকে প্রায় ২৫ মাইল দূরে একটি নৌকা আটক করা হয়। ওই নৌকায় থাকা ১৫ জন ব্যক্তিকে কোস্টগার্ডকর্মীরা আটক করে।

কর্মকর্তারা জানান, অভিযানটি শুরু হয় যখন কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে নৌকাটিকে থামার নির্দেশ দেয়। হঠাৎ নৌকার চালক স্টিয়ারিং কনসোল ছেড়ে পালিয়ে যায়। নৌকাটি অনিয়ন্ত্রিতভাবে ভেসে বেড়ায়। কোস্টগার্ডের ক্রু দ্রুত নৌকাটির নিয়ন্ত্রণ নেয় এবং ইঞ্জিন বন্ধ করে দেয়। তবে এর আগে পাঙ্গা নৌকাটি কোস্টগার্ডের ছোট জাহাজের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে স্টারবোর্ড রেলিংয়ের সামান্য ক্ষতি হয়।

আটকরা চীন, উজবেকিস্তান, মেক্সিকো, ইকুয়েডর, ভিয়েতনাম এবং এল সালভাদরের নাগরিক। এর মধ্যে একজনের হাইপোথারমিয়া জাতীয় লক্ষণ দেখা যায়। তাকে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পরে নৌকাটি যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোলের হেফাজতে হস্তান্তর করা হয়।  কোস্টগার্ড নৌকাটির উৎস বা আটকদের গন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত