‘অন্তঃকোন্দলের জেরে’ পল্লবীতে ‘ব্লেড বাবু’কে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:২২ পিএম

রাজধানীর পল্লবীতে গ্রুপের অন্তঃকোন্দলের জেরে মো. বাবু ওরফে ব্লেড বাবুকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশনের সিরামিক রোডে এ ঘটনা ঘটে।

পল্লবী থানা পুলিশ বলছে, নিহত ‘ব্লেড বাবু’র বাবার নাম মুস্তাকিম। মিরপুর-২ নম্বরের ৬০ ফিট ছাপরা মসজিদ এলাকায় তার বাসা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি বাবুকে কুপিয়ে হত্যা করেছে। তবে সে মারা গেছে আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

পল্লবী থানার এসআই আবু সাবাহ বলেন, ‘ব্লেড বাবু নিজেই সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যা, সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অভিযোগে রয়েছে একাধিক মামলা।’

হত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘যতটুকু জেনেছি, ছিনতাইয়ের মামলা বা টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের গ্রুপের মধ্যে বিকেলে অন্তঃকোন্দল দেখা দেয়। পরে সিরামিক রোডের বঙ্গবন্ধু কলেজের পাশে নতুন রাস্তার মুখে চাপাতি, সুইচ চাকু, ইট দিয়ে থেঁতলে আহত করে গ্রুপের অন্যরা। কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত