ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে কালী মন্দিরে গৌতম গম্ভীর

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০১:১৮ পিএম

ভারতের জাতীয় দলের কোচ হিসেবে দিনকাল খুব খারাপ যাচ্ছে গৌতম গম্ভীরের। আইপিএলের গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে শিরোপাজয়ী গম্ভীর এখন যেন জয়ের দেখাই পাচ্ছেন না। তাই হয়তো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিই সিরিজ শুরুর আগে গম্ভীরকে দেখা গেল কলকাতার কালীঘাট মন্দিরে।

আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত-ইংল্যান্ড। এর আগে গতকাল মঙ্গলবার অনুশীলন শেষে কয়েকজনকে সঙ্গে নিয়ে গম্ভীর যান কালীঘাট মন্দিরে। সেখানে তিনি বেশ কিছুক্ষণ ছিলেন। এসময় তাকে একমনে প্রার্থনা করতে দেখা যায়। অনেকেই কালীঘাট মন্দিরের ভিতরে গম্ভীরকে ক্যামেরাবন্দি করেন।

কলকাতার সঙ্গে গম্ভীরের সম্পর্ক অবশ্য খুবই ঘনিষ্ট। আইপিএলে অধিনায়ক হিসাবে কলকাতাকে দুই বার চ্যাম্পিয়ন করেছেন। গতবার মেন্টর হয়ে আবার এনে দিয়েছেন শিরোপা, যে কারণে তাকে জাতীয় দলের কোচ করা হয়েছে। যদিও কোচ হিসেবে দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তুলতে ব্যর্থ হয়েছেন গম্ভীর। বোর্ডার-গাভাস্কার সিরিজ হারের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশও হতে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত