এখন বাজারে খুব অল্প দামেই শীতের সবজি পাওয়া যাচ্ছে। এসব সবজির মধ্যে আছে ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, মুলা, ব্রকলি, টমেটো, ধনিয়াপাতা। এই সবজিগুলো ভালোভাবে সংরক্ষণ করে রাখলে সারা বছরই খেতে পারবেন।
বাঁধাকপি, ফুলকপি ও ব্রকলি
ফুলকপি ও বাঁধাকপি সংরক্ষণ করতে চাইলে প্রথমে পরিষ্কার পানিতে এই সবজির টুকরা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর পানি ঝরিয়ে এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর বাঁধাকপি সংরক্ষণ করে রাখতে চাইলে প্রথমে কুচি করে কেটে নিতে হবে। এরপর ভাপ দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হলে ঠা-া করে চিপে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে।
টমেটো
সারা বছর পাওয়া গেলেও শীতকালীন টমেটোর স্বাদ তুলনামূলক বেশি থাকে। টমেটো সস, চাটনি নিয়মিত বাড়িতে খাওয়া হয় নিশ্চয়ই। অনেক ধরনের খাবার তৈরিতেই এই সবজি প্রয়োজন হয়। শীতকালীন টমেটো সংরক্ষণ করতে চাইলে পাকা টমেটো পেস্ট করে আইস ট্রেতে জমিয়ে নিয়ে সংরক্ষণ করতে পারেন। এ ছাড়াও টমেটো পাতলা করে কেটে নিয়ে রোদে শুকিয়ে নিতে পারেন। এরপর এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারেন।
পালংশাক
পালংশাক সংরক্ষণ করতে চাইলে প্রথমে একটি হাঁড়িতে পানি নিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিন। এরপর তাতে শাক দিয়ে আরও এক মিনিট ফোটান। শাক অনেকটাই কালো হয়ে যাবে। এরপর শাকগুলো তুলে নিয়ে ঠা-া পানিতে দিন। সেই পানিতে কয়েক টুকরা বরফ দিয়ে দিন। এভাবে রেখে দিন মিনিটখানেক। এরপর পানি ঝরিয়ে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করুন।
গাজর
গাজর সংরক্ষণ করতে চাইলে গাজরের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। এরপর একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে গাজরের টুকরাগুলো দিয়ে দিতে হবে। মিনিট তিনেক উচ্চ তাপে সিদ্ধ করে গাজরের টুকরাগুলো বরফের টুকরাসহ ঠা-া পানিতে ভিজিয়ে রাখতে হবে আরও ২ মিনিট। এরপর পানি ঝরিয়ে জিপ লক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন।
মটরশুঁটি
মটরশুঁটি সবার কাছেই পছন্দের একটি সবজি। এটি সারা বছর সংরক্ষণ করতে চাইলে পানি ফুটিয়ে তাতে মটরশুঁটি দিয়ে দিতে হবে। উচ্চ তাপে ২-৩ মিনিট সিদ্ধ করতে হবে। এরপর পানি ঝরিয়ে ঠা-া পানি ও বরফের টুকরা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এভাবে মিনিট তিনেক রেখে পানি ঝরিয়ে নিতে হবে। মটরশুঁটিগুলো ভালো করে মুছে জিপ লক ব্যাগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন।