ব্যবসায়ীকে হত্যার পর ফেলে রাখা হয় বাগানে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৬:১১ এএম

টাঙ্গাইলের সখীপুরে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার পর মরদেহ একটি লেবুবাগানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুস সালাম মিয়া (৪৮) উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারের মুদির দোকানদার।

স্থানীয় ও পুলিশ জানায়, সালাম মিয়া গত বুধবার রাত ১০টার দিকে তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু আর বাড়ি ফিরেননি। তিনি বাড়ি না আসায় স্বজনরা সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুবাগানে তার গলাকাটা মরদেহ দেখতে পান।

নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, ‘দোকান বন্ধ করে বাড়ি না ফেরায় আমার স্বামীকে সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও পাইনি। পরদিন সকালে আমাদের বাড়ির লেবুবাগানে তার গলাকাটা মরদেহ পাই। সহজ-সরল মানুষটাকে যারা হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই।’

এ ব্যাপারে জানতে চাইলে সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত