যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধরতে অভিযান শুরু, গ্রেপ্তার ৫৩৮

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১২:২৮ এএম

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশজুড়ে পরিচালিত এক অভিযানে বৃহস্পতিবার ৫০০-এর অধিক কাগজপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক্সে এক পোস্টে এ তথ্য জানান হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

প্রেস সেক্রেটারি বলেন, বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া এই অবৈধ অভিবাসীরা সবাই অপরাধী। এর মধ্যে আছে, ভেনেজুয়েলার কারা গ্যাংয়ের সদস্যরা এবং যৌন অপরাধে দোষী সাব্যস্তরা।

মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর পরিসংখ্যানের বরাত দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৫৩৮ জনকে গ্রেপ্তার ও ৩৭৩ জনকে আটক করা হয়েছে। 

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুসারে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামিসহ একাধিক শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

এক্স পোস্টে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব কাজ করছে, তার একটি ছোট নমুনা এই ঘটনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত