খিলগাঁওয়ে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪৮ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে একটি বাসায় দেওনাজ্জামান সুরমা (১৪) নামের এক স্কুলশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে খিলগাঁও গোড়ান শান্তিপুর এলাকার বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত সুরমার খালাত ভাই শরিফুল ইসলাম সাগর জানান, সুরমাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। বাবার নাম মনিরুজ্জামান মনির। বর্তমানে গোড়ান শান্তিপুর গলিতে একটি বাড়ির ৫ম তলায় বাবা-মায়ের সঙ্গে থাকত। খিলগাঁও কোয়ালিটি একাডেমি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণিতে পড়ত। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল সুরমা।

সাগর আরও জানান, সুরমা জেদি প্রকৃতির ও বাবা মায়ের খুব আদরের ছিল। সামন্য একটু বকা দিলেই অভিমান করত। দুপুরে সুরমার মা নাসরিন জামান তাকে বকাবকি করে। এর কিছুক্ষণ পর সুরমা তার রুমের ভিতরে ফ্যানের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দেয়। দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সুরমাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত