মহাসড়ক অবরোধ করে ছিনতাই বন্ধের দাবি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ এএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীর স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

টঙ্গী এলাকায় থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কয়েকশ শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। দুপুর ১২টা ১০ মিনিটের দিকে তারা সড়ক থেকে সরে যান।

মহাসড়কে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার মেহেদী হাসান দীপুর (টঙ্গী জোন) কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিনিয়ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকা থেকে টঙ্গীর গাজীপুর বাসস্টেশন পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে অন্তত ২০ শিক্ষার্থী টঙ্গী এলাকায় ছিনতাইয়ের শিকার হন। তা ছাড়া প্রতিদিন টঙ্গীতে ৬০-৭০টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা সাধারণ মানুষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করছে, তাতে মৃত্যুও হয়েছে। এসব ঘটনায় এ এলাকার মানুষ অতিষ্ঠ। পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ। তাই সাধারণ শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ করেছি। পুলিশ ছিনতাই বন্ধে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত