বরিশালে দীঘি ও পুকুর থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম

বরিশাল নগরীর কাশিপুর এলাকায় একটি দীঘি ও একটি পুকুর থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। তবে তল্লাশি অভিযান শেষ না হওয়ায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার।

তিনি জানান, এ পর্যন্ত মানুষের শরীরের হাতের একটি অংশ ও পায়ের একটি অংশ উদ্ধার করা হয়েছে। তবে আশপাশের এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং তা শেষ হলে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর উত্তর ইছাকাঠী এলাকার হাতেম মীরার দিঘির পাড়ে রোববার সকালে নীরব নামের একটি শিশু মানুষের পায়ের কাটা অংশ দেখতে পায়। শিশুটি স্থানীয়দের বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পায়ের অংশ উদ্ধার করে।  

স্থানীয় বাসিন্দা বাবুল সিকদার জানান, পায়ের অংশ উদ্ধার করার পর পুলিশ দীঘির পাশের পুকুরে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের শরীরের আরও অংশ খুঁজে পায়।

তিনি বলেন, যারা উদ্ধার অভিযানে ছিল তারা হাত, পা, মাথার মস্তক এবং কলিজাও পেয়েছে, তবে পুলিশ স্থানীয়দের কিছু বলেনি।’  

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রুনা লায়লা জানান, উদ্ধার হওয়া মানবদেহের অংশগুলোর নারী না পুরুষের তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। সেগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্টসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যাবে এটি কার দেহের অংশ।

তিনি জানান, গত কয়েকদিনে কোনো নিখোঁজ মামলা বা ডায়েরি রিপোর্ট না হওয়ায়, পুলিশ ধারণা করছে যে, এটি নগরীর বাইরের কোনো ঘটনা। তবে মৃতদেহের পরিচয় উদ্ধার এবং রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে।

এদিকে স্থানীয় পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি সমাধান করতে সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য তথ্য সংগ্রহের কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত