সুন্দর বিপিএল আয়োজনে 'ব্যর্থতার দায় বিসিবির,' স্বীকার করলেন ফাহিম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম

দুই দিনের মধ্যে বিপিএলের পারিশ্রমিকসহ নানা সমস্যার সমাধান করা হবে- গত শনিবারের বোর্ড সভায় নেয়া এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন দুই পরিচালক। চেক হাতে পাওয়া দেশি ক্রিকেটাররা মঙ্গলবারেও চেক থেকে টাকা নিজেদের ব্যাংক হিসাবে নিতে পারেননি। যেটির মানে, আরও একবার ব্যাংক থেকে প্রত্যাখ্যাত রাজশাহীর দেওয়া চেক। সকালেই ছড়িয়ে পড়ে এই খবর। দুপুরে ফ্র্যাঞ্চাইজি কর্ণধারদের নিয়ে বৈঠকে বসে বিসিবি। যেখানে ছিলেন রাজশাহীর কর্ণধারদের একজন শফিকুর রহমান। 

বৈঠক শেষে বিতর্কিত ফ্র্যাঞ্চাইজিগুলোকে নজরে রাখা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপরাশেনসের প্রধান নাজমুল আবেদীন ফাহিম, ‘তাদের সাথেই বেশি আলাপ হয়েছে যারা একটু বা বেশ খানিকটা পিছিয়ে আছে। তাদের (ফ্র্যাঞ্চা্ইজি) কিছুটা সময় দিয়েছি কমিটমেন্ট ফুলফিল করার জন্য। তাদের আমরা নজরে রাখব প্রতি মুহূর্তে, কমিটমেন্ট কতখানি রাখছে, তাদের যতটা সম্ভব চাপে রাখার চেষ্টা করবো।’

ঘটা করে নতুন বিপিএল আয়োজনের আশ্বাস দিলেও বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা এসে চেপে ধরেছে এবারের আসরকে। সে দায় স্বীকার করেই ভবিষ্যতে আরও উন্নতির জায়গা দেখছেন বলে জানিয়েছেন বোর্ড পরিচালক ফাহিম, ‘বোর্ডের দায় তো আছেই। আমরা বলতে পারি না অন্য কারও দায়। দায়িত্ব আমাদের নিতেই হবে। আরও ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম। কিছু ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। তবে দায় নিতেই হবে।’

‘প্রস্তুতির জন্য যতটুকু সময় দরকার ছিল ততটুকু সময় ছিল না। এটা সবাইকে মানতেই হবে। একেবারে শুরুতে আদৌ করতে পারব কি না এটা নিয়েও শঙ্কা ছিল। যতটুকু দেখার প্রয়োজন ছিল করতে পারিনি। সেই ব্যর্থতা আমাদের। যে পরিস্থিতিতে টুর্নামেন্ট করতে হয়েছে আশা করি সবাই মনে রাখবেন। এরপর ভালো একটা মডেল সামনে রেখে যাব। যারা আসবে তারা যেন রিয়েল হাউজ হয়। বিপিএলে অংশ নেওয়ার যোগ্যতা রাখে।’- যোগ করেন ফাহিম।

পারিশ্রমিক সমস্যা আছে চিটাগং কিংস দলেও। বাঁহাতি ওপেনার পারভেজ হোসেনকে টাকা না দেওয়ার কথা সংবাদমাধ্যমে স্বীকার করেছেন দলটি কর্ণধার সামির কাদের চৌধুরি। ডেইলি স্টারকে তিনি বলেছেন, 'আমার টাকা কি গাছে ধরে? আমাকে সন্তুষ্ট করতে পারেনি তাই টাকা দেইনি। যথাযথ ব্যাখ্যা পেলে পরে সিদ্ধান্ত নেব।'

নাজমুল আবেদীনকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, অসুস্থ থাকায় মঙ্গলবারের বৈঠকে ছিলেন না সামির। তাই পারভেজের পারিশ্রমিকের বিষয়ে করা মন্তব্যের কোনো ব্যাখ্যা তারা নিতে পারেননি।

জাতীয় দলের একজন ক্রিকেটারকে এমন কিছু বলা হতাশাজনক ও অপ্রত্যাশিত বলেন নাজমুল।
“আমরা এমন কিছু আশা করি না যে এরকম মন্তব্য কেউ করবেন। একটা দল বা ক্রিকেটার ভালো-খারাপ খেলতে পারেন। আমি বিশ্বাস করি, যাকে নিয়ে কথা হয়েছে তার মতো একজন ক্রিকেটার নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। এই গ্রেট খেলাটির এটি একটি শিক্ষা যে, সবাই সবাইকে সম্মান দেবে। এটা থাকাটা জরুরি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত