পারিশ্রমিক নিয়ে দেশের ক্রিকেটের বদনাম চান না মিরাজ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম

পারিশ্রমিক বিতর্কে চলতি বিপিএলের ভাবমূর্তি এখন তলানিতে গিয়ে ঠেকেছে। একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের টাকা পরিশোধ করেনি। ক্রিকেটারদের বিরুদ্ধে মালিকপক্ষের আক্রমণাত্বক কথাও গণমাধ্যমে এসেছে। এসব মোটেও ভালো লাগছে না খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।

খুলনা টাইগার্স তাদের ক্রিকেটারদের পাওনা ঠিকঠাক পরিশোধ করছে বলেই জানা যায়। মিরাজ নিজেদের পারিশ্রমিক পেলেও দুর্বার রাজশাহী আর চিটাগং কিংসের ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া তাকে কষ্ট দেয়। এই অল-রাউন্ডার বলেছেন, ‘অবশ্যই এতে খারাপ লাগছে। দিনশেষে তো আমরা খেলোয়াড়েরা ক্রিকেট খেলি টাকার জন্য। যদি পারিশ্রমিক না পাই, প্রত্যেক খেলোয়াড়ের জন্যই খারাপ।’

মিরাজ অবশ্য আশাবাদী, ফারুক আহমেদের বিসিবি এই সমস্যার সমাধান করবেন। যদিও, এখন পর্যন্ত সমাধানের পথ দেখা যাচ্ছে না। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মিরাজ সাংবাদিকদের আরও বলেন, ‘সবাই আশা করবে, যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, ক্রিকেট বোর্ড অবশ্যই এ ব্যাপারে কথা বলবে। তারা আমাদের দায়িত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে কথা বলবে।’

মিরাজ জানিয়েছেন, তাদেরকে ৪০ শতাংশ পারিশ্রমিক দিয়েছে খুলনা কর্তৃপক্ষ। এ সপ্তাহের মাঝেই ৩০-৩৫ শতাংশ পারিশ্রমিক দেওয়া হবে। টাকা-পয়সা নিয়ে দেশের ক্রিকেটের বদনাম মানতেই পারছেন না মিরাজ, ‘আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আমাদের বাংলাদেশের ক্রিকেটের যেন কোনোরকম বদনাম না হয়। আমরা যেভাবে খুব সুন্দরভাবে আন্তর্জাতিক পর্যায়ে খেলছি, আমরা ভালো করলে সবাই বাহবা দেয়; আমাদের প্রত্যেকের উচিত সেটা ধরে রাখা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত