চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মীকে বৃহস্পতিবার রাতে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন হাসান ইমাম (৩০), আনিছুর রহমান (২০), মহিদুল হক (৩৫), শাহিন আলম (২৬) ও মো. তারেক (২৪)।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া এই পাঁচজনকে শুক্রবার আদালতে হাজির করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।
এদিকে ৫ মিনিটের ওই ঝটিকা মিছিল যে স্থানে হয়েছিল, সেখানে দায়িত্ব পালন করা খুলশী থানার উপপরিদর্শক হৃদয় মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নগরের প্রাণকেন্দ্র জিইসি মোড়ে প্রকাশ্যে মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান।
ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন ২০ থেকে ২৫ জন নেতাকর্মী। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। ফেসবুকে পোস্ট করা মিছিলের ভিডিও ক্যাপশনে লেখা হয়, ‘চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।’
বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অবদান ‘খুবই নগণ্য’