সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার বাঐতারা গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী সুমনা বেগম (৩৫)। নিহত একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আহতরা হলেন একই গ্রামের রঙ্গিলা বেগম (৬০), নুরুল ইসলাম (৪৬) জুবায়দা খাতুন (২৭) ও রাইসা মনি (৭)।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফয়সাল আহম্মেদ দেশ রূপান্তরকে বলেন, নিহত দুজনের মরদেহ রাত সাড়ে ৮টার দিকে মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ বাড়িতে নেওয়া হয় বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় অজ্ঞাতনামা একটি বাস ৭ যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালকসহ সব ভ্যানযাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
ভোরে মিছিল করা নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী কারাগারে