ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ যদি ফেব্রুয়ারি মাসে কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করে বা নাশকতা করতে চায়, তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ ছাড়া ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ হরতাল-অবরোধসহ যে কর্মসূচি দিয়েছে তাতে শঙ্কার কোনো কারণ দেখছে না ঢাকা মহানগর পুলিশ। গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গত ২৯ জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ফেব্রুয়ারি মাসে লিফলেট বিতরণ, প্রতিবাদ-বিক্ষোভ মিছিল ও সমাবেশ, অবরোধ ও হরতালের মতো কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১-৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল।
আওয়ামী লীগের এসব কর্মসূচির বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘দিস ইজ দ্য ওয়ার্ল্ড অব মিডিয়া। এক মিনিটের ভেতরে এই ঢাকা শহরের খবর ব্রাজিল চলে যাচ্ছে। এমনকি যদি টাওয়ার থাকে, ব্রাজিলের আমাজন বনভূমিতে কমিউনিকেশন হয়ে যাচ্ছে। সো এই যুগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। আপনারা দেখছেন আমরা সেসব প্রোগ্রাম মোকাবিলা করছি। ভিডিও বার্তা, মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তারা যদি এরকম কোনো অ্যাটেম্পট নেয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। তবে আপাতত আমরা এরকম কোনো শঙ্কা দেখছি না।’
বইমেলা কেন্দ্র করে গত সরকারের আমলে সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা এখন কারামুক্ত আছে। তাদের বিষয়ে কোনো নজরদারি থাকবে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এরকম যারা সন্দেহভাজন আছেন তাদের আমরা নজরদারিতে রাখছি।
প্রতি বছর বইমেলা কেন্দ্র করে কিছু লেখক বা প্রকাশনী উসকানিমূলক কিছু বই বের করে এ বিষয়ে আপনাদের কোনো নজরদারি রয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, কয়েকটি সমন্বয় সভা করেছি। বাংলা একাডেমির কর্মকর্তাদের আমরা বলেছি, কোনো ধরনের উসকানিমূলক বই যেন মেলায় না আসে।
ঢাকাতে যে যেভাবে পারছে আন্দোলন করছে। এর ফলে মহানগরীতে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এখন আবার বইমেলা শুরু হচ্ছে, এ পরিস্থিতিতে পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ কীভাবে করবে, জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের ট্রাফিক অবস্থা খুবই নাজুক। মানুষ খুবই কষ্ট করছে। আমার নিজেরও কষ্ট লাগে। কারণ এই শহরের ট্রাফিক ব্যবস্থা তো আমি দেখি। যখন দেখি মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে। ছোট একটা দাবি নিয়ে ২০ জন লোক রাস্তা আটকে দেয়। আমি তাদের বলব, আপনারা ছোট দাবি নিয়ে রাস্তা আটকায়েন না। আপনারা ফুটপাতে অবস্থান করুন। কিন্তু খুবই দুঃখজনক যেকোনো দাবি দেওয়ার মোক্ষম স্থল হয়ে গেছে রাস্তা অবরোধ।
শিক্ষার্থীদের ঘটনার সময় লাঠিচার্জ করতে আপনি নিষেধ করেছেন কিন্তু শাহবাগে মাদ্রাসা শিক্ষকদের ওপর তাহলে কেন লাঠিচার্জ করা হলো এমন প্রশ্নের জবাব তিনি বলেন, আমরা এখানে লাঠিচার্জ করিনি শুধু জল কামান ছোড়া হয়েছে।
সাংবাদিকদের অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এমন কোনো সংবাদ প্রকাশ করবেন না যাতে জনগণের মনে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। আমরা আমাদের মেকানিজমে ঢাকা শহরকে নিরাপদ রাখার চেষ্টা করি। অনেক মানুষের শহর ঢাকা।
