ভালোবাসায় বন্ধুত্ব জরুরি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ এএম

বর্তমান সময়ের ব্যস্ত অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি। পর্দায় বিভিন্ন সময় নানা চরিত্রে দেখা যায় তাকে। তার অনবদ্য অভিনয়ে দর্শকরাও মুগ্ধ। অভিনয় জগতে আসার গল্পটা জানতে চাইলে তানিয়া বলেন, আমার স্বপ্ন ছিল অভিনয় করব। আমি যখন ক্লাস ফাইভ বা সিক্সে পড়ি তখন থেকেই। তখনই ফ্যামিলিকে বলতাম যে আমি কাজ করব। কান্না করে বলতাম আমি নিজেকে টিভিতে দেখব। তো আব্বু আম্মু সব সময় বলেছে আগে বড় হও, বুঝতে শেখো তারপর অভিনয়ে যেও।

২০১২ সালে দেখলাম ভিট চ্যানেল আই টপ মডেল আবার শুরু হচ্ছে তখন আমি ছবি পাঠাই। এবং সেখানে আমি সিলেক্ট হই। ওখান থেকে আমি ২০১৩ সালের শুরুতে বের হই সেকেন্ড রানার-আপ হয়ে। ২০১২ সালের ভিট চ্যানেল আই টপ মডেল সেকেন্ড রানার-আপ হই। তারপর থেকে আমার জার্নিটা শুরু হয়। প্রথমে টিভিসি দিয়ে শুরু করি। তারপর নাটকের কাজ শুরু।

বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাইলে তানিয়া বলেন, আমি এখন পুরোপুরি নাটক নিয়ে ব্যস্ত। আমি সিঙ্গেল নাটক করছি। সবগুলো দর্শক দেখছে, পছন্দ করছে। ওটিটির ক্ষেত্রে বলব, অভিনয়ের ওপর আমার পুরো ফোকাস থাকে সেটা যে প্ল্যাটফর্মেই হোক। অভিনয় করতে চাই, যে প্ল্যাটফর্মেই হোক যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে করব।

অভিনয়ের বাইরে আর কী কী করা হয় তানিয়ার এমন প্রশ্নে তিনি বলেন, অভিনয়ের বাইরে আমি আমার ফ্যামিলির সঙ্গে থাকতে খুব পছন্দ করি। আমরা মুভি দেখতে যাই, ঘোরাঘুরি করি এভাবেই সময় কাটে।

গত বছর কেমন কেটেছে এই অভিনয়শিল্পীর জানতে চাইলে তানিয়া বলেন, ২০২৪ সালটা খারাপ গিয়েছে তা বলব না, কিছুটা কাজ বন্ধ ছিল আমাদের দেশের পরিস্থিতির জন্য। আমরা এখন অনেকটা কাটিয়ে উঠেছি। কাজ আবার রেগুলার হচ্ছে। যা যায় আসলে ভালোই যায় আমার মতে। ২০২৪ ভালো গিয়েছে। ২০২৫-এ পা রেখে একদম ১ তারিখ থেকে আমি শুটিং করছি। আমি এই বছরটা নিয়েও খুব আশাবাদী।

ভালোবাসা দিবসের প্ল্যান প্রসঙ্গে তানিয়া বলেন, ভালোবাসা দিবসে আসলে আমার ১৩ তারিখ পর্যন্তই শুটিং। ১৪ তারিখটা শুধু বাদ রেখেছি ফ্যামিলির সঙ্গে ঘুরব বলে। যেহেতু আমি সিঙ্গেল তাই এই দিনটা পুরোটাই আমার ফ্যামিলির জন্য থাকবে। তাছাড়া ভালোবাসা দিবসে আমার বেশ কিছু কাজ আসছে।

ভালোবাসার সংজ্ঞা জানতে চাইলে তানিয়া জানান, ভালোবাসার সংজ্ঞা আমার কাছে মনে হয়, বন্ধুত্বটা যখন খুব ভালো থাকে তখন ভালোবাসা ছাড়াও সম্পর্কটা আটকে থাকে। ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য বন্ধুত্বটা খুব দরকার। ভালোবাসার মানুষটা যদি ভালো বন্ধু হয় তাহলে সম্পর্কটা দীর্ঘমেয়াদি হয়।

কার অভিনয় ভালো লাগে সে প্রসঙ্গে তানিয়া বলেন, মোশারফ করিম ও জয়া আহসান আমার আইডল। আমি যদি জুটি হিসেবে মোশারফ করিম ভাইয়ার সঙ্গে কাজ করতে পারি তাহলে নিজেকে লাকি মনে করব। আর জয়া আপুর কাজ আমার ভীষণ পছন্দ। উনার সব কাজ আমি দেখি। উনার অভিনয় দেখলে মনেই হয় না উনি অভিনয় করছেন, পুরো ক্যারেক্টারে ঢুকে যান তিনি।

সবাই বলে আপনার হাসিটা খুব সুন্দর সে প্রসঙ্গে তানিয়া বলেন, আমার হাসিটা সুন্দর কি না জানি না তবে আমি মন থেকে হাসি তাই হয়তো আমার হাসিটা সবার এত পছন্দ। বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে তানিয়া বলেন, বিয়ে নিয়ে আপাতত কোনো প্ল্যান নেই। আমার বড় বোনের আগে বিয়ে হোক তারপর ভাবব। পরেই বিয়ে করি, যাক না কয়েক বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত