সাবিনা ইয়াসমিন এইচডিইউতে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৬ এএম

দীর্ঘদিন পর সংগীতের মঞ্চে ফিরেছিলেন বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। শ্রোতারাও মুগ্ধ হয়ে তাঁর গান শুনছিলেন। এমন সময় হঠাৎ মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। গত শুক্রবার রাতে বনানীতে একটি অনুষ্ঠানে গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে গুলশানের হাসপাতালে নেওয়া হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি অনুষ্ঠানে গাওয়ার কথা রয়েছে বরেণ্য এই শিল্পীর। তবে চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে তিনি গাইবেন না। দীর্ঘ এক বছর পর গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার মঞ্চে গাইতে ওঠেন সাবিনা ইয়াসমিন। সোয়া এক ঘণ্টা গান গেয়েছিলেন। আমন্ত্রিত দর্শক-শ্রোতারাও মুগ্ধ হয়ে শুনছিলেন তার গান। এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। সেদিন রাতে সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ জানান, সাবিনা ইয়াসমিনের ভার্টিগো সমস্যা আছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবার মঞ্চে ফেরেন শিল্পী। ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। পাঁচ দশকের বেশি সময় ধরে গানের সঙ্গে জড়িয়ে আছে সাবিনা ইয়াসমিনের নাম। গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত দুই শিল্পী মান্না দে ও কিশোর কুমারের সঙ্গে। চলচ্চিত্রে গান গেয়ে ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কিংবদন্তি এই শিল্পী। সংগীতে অবদানের জন্য একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কারও অর্জন করেছেন। ১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন। এরপর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত