বেশ অনেকদিন ধরেই তাওহীদ হৃদয় রান পাচ্ছেন না। চলতি বিপিএলেও তার ব্যাট হাসেনি এতদিন। প্রথম ১২ ম্যাচে সব মিলিয়ে তাওহিদ হৃদয়ের রান ছিল ১৯৮, ছিল না কোনো ফিফটি। অবশেষে গতকাল প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসের বিপক্ষে খেললেন ৫৬ বলে অপরাজিত ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস। ৯ উইকেটের বিশাল জয়ের পর হৃদয় স্মরণ করলেন তার বাজে সময়টাকে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে হৃদয় লিখেছেন, ‘সেদিন Writer’s Block নামে একটি টার্মের সাথে পরিচিত হলাম। বিস্তারিত পড়াশোনা করে আমার মনে হচ্ছিল, আমিও যেন কোথাও একটা ব্লক খেয়ে আছি। পরিশ্রম করছি নিয়মিত, ধৈর্য ধরেছি, চেষ্টার কমতি নেই; কিন্তু রান হচ্ছিলো না। বিশেষ করে গত দুই বিপিএলের পর আমার কাছে সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী।’
তিনি লিখেছেন, ‘রান না পাওয়ার আক্ষেপ আমার থেকেও আমি আমার ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশি দেখেছি। তবে তার থেকে বেশি অনুপ্রেরণা দেখেছি আমার আশে-পাশের মানুষ গুলোর চোখে। তামিম ইকবাল ভাই, কাউকে বোঝাতে পারব না আপনি অভিভাবক হিসেবে কতোটুকু যথার্থ। এত প্রত্যাশা থাকার পরেও, পুরো টিমের সবাই প্রতিনিয়ত আমাকে বুঝিয়েছেন সবই স্বাভাবিক, হৃদয় রানে ফিরবেই! কৃতজ্ঞতা আমার কোচিং স্টাফ, সকল খেলোয়াড়দের প্রতি। ফিজিও বায়েজিদ ভাই, শাহীন ভাই আপনারা দুজন বিশেষ আমার জন্য।’
শেষে ভক্তদের উদ্দেশ্যে হৃদয় লিখেছেন, ‘ক্রিকেটকে যারা ভালোবাসে, তারা আমাদেরও ভালোবাসে জানি। ভালো খেললে তালি দেয়, আমরা খারাপ করলে তাদের ভেতরেও হতাশা কাজ করে। সত্যি বলতে ভক্তদের এই পজিটিভ-নেগেটিভ ফিডব্যাক দুটোই হোক আমাদের শক্তি। ধন্যবাদ মহান রাব্বুল আলামিনকে, ধন্যবাদ ফরচুন বরিশালের সকল সদস্যকে, ধন্যবাদ আমাদের সকল সমর্থককে।’
বিপিএলে শূন্যের দ্বিতীয় শিখরে সৌম্য
টানা দ্বিতীয় শিরোপা থেকে এক জয় দূরে বরিশাল
নিজেই বয়ে নিয়ে এসে ভক্তদের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন মরিসন