বাসায় ৫৯০ কোটি, খবর পেয়ে ২ মাইক্রোবাসে এসে ডাকাতির চেষ্টা

  • জনতার হাতে ধরা ১২ জন
  • টাকা নিতে সঙ্গে নিয়ে আসে ২০ বস্তা
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম

চট্টগ্রাম শহরে ১০ দিনের ব্যবধানে পৃথক স্থানের বহুতল ভবনে ঢুকে ‘ডাকাতির’চেষ্টার ঘটনা চাঞ্চল্য এবং রহস্যের সৃষ্টি হয়েছে। ৫৯০ কোটি নগদ টাকা বাসায় আছে এমন তথ্য পেয়ে গেল ২৫ জানুয়ারি রাতে নগরের খুলশি এলাকায় যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে ডাকাতির চেষ্টা করে ২০ জনের একটি দল।

টাকা নিতে তারা সঙ্গে নিয়ে যান ২০টি বস্তা ও ২টি মাইক্রোবাস। কিন্তু জনতার হাতে ধরা পড়ে ১২জন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

সবশেষ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনে দুপুরে নগরের পাঁচলাইশ থানার অদূরে একটি ভবনে সংঘটিত হয়  ‘ডাকাতির’ চেষ্টা। কতিপয় দুর্বৃত্ত ঢুকে পড়েন প্রয়াত শিল্পপতি আবুল খায়েরের মেয়ের স্বামী ইস্টার্ন রিফাইনারী লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক লোকমান হাকিমের ছয়তলা ভবনে। ওই ভবনের দ্বিতীয় তলায় থাকতেন তিনি। ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন তিনি। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুরো ভবন ঘিরে ফেলেন পুলিশ, র‌্যাব ও  সেনাবাহিনীর সদস্যরা। 

তিন ডাকাত পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে ফেলে স্থানীয়রা। বাকি দুজন পালিয়ে যান। এরপর সাউন্ড গ্রেনেড ফাটিয়ে দ্বিতীয় তলার ঘরের দরজা ভেঙে একটি শৌচাগারের ভেতর থেকে জিম্মিদশা থেকে লোকমান হাকিমকে আহত অবস্থায় উদ্ধার করে যৌথবাহিনী। এ ঘটনায় বায়েজিদ ও আকাশ নামে দুজন ধরা পড়ে। এর মধ্যে একজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। অন্যজন জনতার হাতে। তবে দুজনই ওই ভবনের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ। 

তবে ১০ দিনের ব্যবধানে ঘটে যাওয়া উক্ত দুটি ঘটনা নগর জুড়ে আলোচিত হচ্ছে। ইস্টার্ন রিফাইনারীর সাবেক এমডি লোকমান হাকিমের ছয়তলা ভবনে ‘ডাকাতির’ চেষ্টার ঘটনা গত ২৫ জানুয়ারি খুলশিতে যমুনা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর বাসায় সংঘটিত ঘটনার মিল দেখছেন অনেকেই। 

তবে একটি গোয়েন্দা সংস্থার ধারণা, ইস্টার্ন রিফাইনারী লিমিটেডের সাবেক এমডি লোকমান হাকিমের বাসায়ও বিপুল পরিমাণ নগদ টাকা আছে এমন তথ্যের ভিত্তিতে তার (লোকমান হাকিম) বাসার দুজন কর্মচারীকে নিয়ে ওই টাকা লুটের পরিকল্পনা করেন সংঘবদ্ধ চক্র। এই চক্রের বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে অপরাধ সংঘঠনকারী কিছু দুর্বত্তও থাকতে পারে। 

খুলশির ঘটনায় নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর)  মো. জাহাংগীর আলম বলেছিলেন, ‘যমুনা অয়েলের সাবেক কর্মকর্তা গিয়াস উদ্দিন আনসারির বাসায় ৫৯০ কোটি টাকার তথ্য পেয়ে তারা (ধৃত ১২জন)  সেখান  থেকে টাকাগুলোর জন্য গিয়েছিলেন। এ জন্য তারা ২০টি বস্তাও নিয়ে গিয়েছিলেন। ডাকাত দলের পরিকল্পনায় যাঁরা ছিলেন, তাঁদের শনাক্ত করা হয়েছে। পলাতকদের  গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সিএমপির অন্যতম শীর্ষ এক কর্মকর্তা বলেন, দিনে দুপুরে ধারালো একটি ছোরা নিয়ে মাত্র তিন থেকে চারজন শহরের ব্যস্ততম এলাকায় ডাকাতি করতে যাবে তা ভাববার বিষয়। সম্ভবত দুই কর্মচারীর কাছ থেকে  লোকমান হাকিমের বাসায় বিপুল পরিমাণ নগদ টাকা থাকার তথ্য পেয়ে সেগুলো লুট করতে যায় তারা। হয়তো তাদের উদ্দেশ্য ছিল কর্মচারীদের সহায়তায় ভবনে ঢুকে লোকমান হাকিমকে জিম্মি করে টাকা লুট করা। কিন্তু অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় দুজন। ধরা পড়ে যায় দুই কর্মচারী।  এ বিষয়ে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা এ ঘটনার আরো তথ্য উদঘাটন করার  চেষ্টা করবো।’

জানা গেছে, ২৫ জানুয়ারি নগরের খুলশি এলাকায় যমুনা অয়েলের সাবেক এমডির বাসায় ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হয় ১২ জন। পালিয়ে যান আটজন। পুলিশের জিজ্ঞাসাবাদে  গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানান, তাদের কেউ সাবেক ব্যাংকার,  কেউ বালু সরবরাহকারী আর  কেউ জমি বেচাকেনায় জড়িত।  গ্রেপ্তার আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে কোটি টাকার সন্ধানে আনসারির বাসায় অক্রমণের তথ্য জানতে পারে পুলিশ। এ ঘটনায় যমুনা অয়েল  কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারী বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন।

এদিকে ইস্টার্ন রিফাইনারির সাবেক ব্যবস্থাপনা পরিচালক লোকমান হাকিমের বাসায় ডাকাতির খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট ‘সোয়াত’, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পেীঁছে যায়। এ সময় সেখানে হাজির হন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। ডাকাতির চেষ্টার খবরে যৌথবাহিনীর সঙ্গে পুলিশ কমিশনারও ঘটনাস্থলে হাজির হওয়া নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে একটি গোয়েন্দা সংস্থার ধারণার বিষয়ে বক্তব্য জানতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পাঁচলাইশ থানার ওসি মো. সোলোয়মানের  মোবাইলে একাধিবার কল করলেও তিনি রিসিভ করেননি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত