ক্যানসারে সন্তান হারিয়েছিলেন চিকিৎসক দম্পতি অধ্যাপক ডা. মো. নওফেল ইসলাম ও অধ্যাপক ডা. আইরিন পারভীন। এরপর নিজেরাই গড়ে তোলেন ক্যানসার ফাউন্ডেশন। ২০০৩ সালে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের নাম দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশন। গত বছর প্রতিষ্ঠানটি এক হাজার ৪২০ জন রোগীকে দীর্ঘমেয়াদে চিকিৎসা সেবা দিয়েছে। মঙ্গলবার ‘বিশ্ব ক্যান্সার দিবস’ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় বিষয়টি উঠে আসে।
ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নওফেল ইসলাম বলেন, ক্যানসার রোগীদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়েই এ প্রতিষ্ঠানের পথচলা। প্রতিষ্ঠানটি হাসপাতালের মতো করে একটি ক্যানসার হোম পরিচালনা করছে। সেখানে রোগীদের থাকা, নিজস্ব এ্যাম্বুলেন্সে ব্যবস্থা, কাউন্সিলিং, নিয়মিত নার্স ও চিকিৎসকের মাধ্যমে ফলো-আপ, নাস্তা, তিন বেলা নিয়ম মাফিক খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে।
নিজ সন্তানের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর দিয়ে এই চিকিৎসক বলেন, সন্তানের চিকিৎসা জন্য জমাকৃত তহবিলের অব্যবহৃত অর্থ (ব্যাংকে রাখা এফডিআরকৃত অর্থের লভ্যাংশ), সদস্যদের চাঁদা ও অনুদান এবং যাকাত থেকে পাওয়া অর্থ ক্যানসার রোগীদের সুস্থতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যয় হয়।
অনুষ্ঠানে আরও জানানো হয়, এই চিকিৎসক দম্পতির ক্যানসার আক্রান্ত ছেলে ২০০৩ সালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তিনি চিকিৎসা ব্যয় সংকুলানের জন্য বিভিন্নজনের থেকে আর্থিক সহযোগিতা নেন। সন্তানের মৃত্যুর পর থেকে যাওয়া অর্থ দিয়ে তিনি ফাউন্ডেশন গড়ার সিদ্ধান্ত নেন।
ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এই হোমে ক্যানসার রোগীসহ দুইজনের থাকার জন্য দৈনিক ৩০০ টাকা নেওয়া হয়। এখান থেকেই রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এটি রাজধানীর মগবাজারের ১৮, শহীদ তাজ উদ্দিন আহমেদ সরণিতে, অর্থাৎ ইনসাফ বারাকাহ হাসপাতালের পাশেই অবস্থিত।
সভায় একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. সায়েবা আক্তার বলেন, দেশে অনেকগুলো ক্যানসার হাসপাতাল আছে। কিন্তু একটাতেও রেডিওলজি মেশিন ভালো নেই, সবখানে সিন্ডিকেট।
অনুষ্ঠানে জাতীয় ক্যানসার হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, গাইনি ক্যানসার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেগম রোকেয়া আনোয়ার, ক্যানসার বিশেষজ্ঞ ডা. আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ইনসাফ বারাকা অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।
আলোচিত ৫ (৪ ফেব্রুয়ারি)
আদালতে ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা ...