সুপ্রিম কোর্টে হামলায় আহত সাংবাদিকরা

প্রতিবাদে কর্মবিরতি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ এএম

সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পাবনা ও ঈশ্বরদী বিএনপি নেতাকর্মীরা এ হামলায় জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলায় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আখতার গুরুতর আহত হয়েছেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তিনি কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের শিকার হন আরও কয়েকজন সাংবাদিক। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ৩০ বছর আগে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের দিন ধার্য ছিল। বিচারিক আদালতে ফাঁসির দ-প্রাপ্ত ৯ জনসহ ৪৭ আসামিদের সবাই খালাস পান হাইকোর্টের রায়ে।

রায়ের কিছুক্ষণ পর আইনজীবীদের ব্রিফিংয়ের অপেক্ষায় ছিলেন উপস্থিত সাংবাদিকরা। এ সময় পাবনা জেলা ও ঈশ্বরদীর বিএনপি, যুবদল, ছাত্রদলের শ-খানেকের বেশি নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালন বাধাগ্রস্ত হচ্ছিল। নেতাকর্মীদের অনেকেই টেলিভিশন ক্যামেরার সামনে ধাক্কাধাক্কি করছিলেন। এ সময় এটিএন নিউজের জাবেদ আখতারসহ জ্যেষ্ঠ কয়েকজন সাংবাদিক তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করে বেধড়ক মারধর শুরু করেন। তাদের কিল, ঘুসি ও লাথিতে গুরুতর আহত হন জাবেদ আখতার। তাকে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হন এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ, দীপ্ত টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক আজিজুল ইসলাম পান্নু, নয়াদিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমানসহ কয়েকজন।

গুরুতর আহত জাবেদ আখতারকে অ্যাম্বুলেন্সে করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। ঘটনার পর সেখানে আসেন সংশ্লিষ্ট মামলায় আসামিপক্ষের আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কামাল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কায়সার কামাল ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

এদিকে সুপ্রিম কোর্টের মতো সুরক্ষিত জায়গায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ব্রিফিং বর্জন করে তাৎক্ষণিক কর্মবিরতি পালন করেন সেখানে দায়িত্বরত সাংবাদিকরা। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে আইন, আদালত ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। গুরুতর আহত জাবেদ আখতার এলআরএফের প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এদিকে সন্ধ্যায় সাংবাদিক জাবেদ আখতারের সঙ্গে টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম হাসপাতালে জাবেদকে দেখতে গেলে তার মাধ্যমে জাবেদের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। এ সময় জাবেদের কাছে ঘটনার বিস্তারিত শুনে তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন তারেক রহমান। পরে রফিকুল ইসলাম বলেন, ‘সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ দলীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তারেক রহমান।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত