জুলাই আন্দোলনে আহতদের বিদেশি চিকিৎসকরা করমুক্ত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা করতে আসা বিদেশি চিকিৎসকদের ফি, হোটেল ভাড়া, আপ্যায়ন ব্যয় বাবদ যত টাকা দেওয়া হবে, তা আয়করমুক্ত থাকবে। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ থেকে এই সিদ্ধান্ত জানা যায়।

এর আগে সিদ্ধান্ত হয়েছে, এই বিদেশি চিকিৎসকদের ফি, হোটেল ভাড়া, আপ্যায়ন ব্যয়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হবে।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিদেশি চিকিৎসকদের অনুকূলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফি, হোটেল ভাড়া, খাবার ব্যয় ও বিমানভাড়া বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে কর অব্যাহতি দেওয়া হলো। ২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ধারার ১ নম্বর উপধারার ক্ষমতাবলে এই অব্যাহতি দিয়েছে এনবিআর।

এনবিআর সূত্রে জানা গেছে, বিদেশি নাগরিকদের তাদের কাজের জন্য বেতন বা সম্মানীসহ যেকোনো পরিমাণ অর্থ দেওয়া হলে তার ওপর ৩০ শতাংশ পর্যন্ত উৎসে কর কেটে রাখার বিধান আছে।

এর আগে বিদেশি চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে বিদেশি চিকিৎসকদের অনুকূলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফি, হোটেল ভাড়া, আপ্যায়ন ব্যয়কে ভ্যাট অব্যাহতি দেওয়া হবে। অন্যদিকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে গেল ২১ ডিসেম্বর আয়োজিত ‘স্পিরিট অব জুলাই’ এবং স্কাইট্র্যাকার লিমিটেড আয়োজিত ‘ইকোস অব রেভ্যুলিউশন কনসার্টের বিক্রীত টিকিট থেকে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক (টিকিট ও ভেন্যু) অব্যাহতি দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত