ক্ষেপণাস্ত্র সক্ষমতা বেড়েছে উত্তর কোরিয়ার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৭ এএম

সাম্প্রতিককালে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। ইউক্রেনের দুই কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে ২০-এর অধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। হামলার লক্ষ্যবস্তুতে আঘাত করায় তাদের নির্ভুলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে উত্তর কোরিয়ার অংশগ্রহণ নতুন আশঙ্কার সৃষ্টি করেছে।

ওই দুই কর্মকর্তা জানিয়েছেন, গত ডিসেম্বরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মূল লক্ষ্যবস্তুর ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হচ্ছে পিয়ংইয়ং। সিউলের আসান ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ ইয়াং উক বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতায় উন্নতি সম্ভাব্য ঝুঁকিকে ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে। এর কারণে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র যেমন হুমকিতে পড়তে পারে অথবা ব্যর্থ রাষ্ট্র ও সশস্ত্র গোষ্ঠীর কাছে এসব উন্নত অস্ত্র বিক্রি করতে পারে। এর আগে, গত ২৯ জানুয়ারি চলতি বছরেই নিজেদের পারমানবিক শক্তি আরও বৃদ্ধির নির্দেশ দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত