বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ এএম

ভারতের রাজধানী দিল্লি বিধানসভা নির্বাচনের অধিকাংশ বুথফেরত জরিপে এগিয়ে রয়েছে বিজেপি। বুথফেরত জরিপের আভাস সঠিক হলে, প্রায় তিন দশক পর দিল্লির ক্ষমতায় আসতে পারে দলটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে (আপ) হারিয়ে দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলে অধিকাংশ বুথফেরত জরিপে আভাস মিলেছে। বেশিরভাগ পরিসংখ্যানই বলছে, ২৭ বছর পর বিজেপির বিজয় নিশান উড়তে চলেছে রাজধানীতে। তবে অধিকাংশ ক্ষেত্রে বুথফেরত জরিপ বদলে যাওয়ার নজিরও রয়েছে। তাই ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ফল ঘোষণার পর স্পষ্ট হবে দিল্লি ভোটের প্রকৃত চিত্র।

গত বুধবার দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে। সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ৩৬। ভোটগ্রহণ শেষের পর থেকে বুথফেরত জরিপের ফল প্রকাশ করে বিভিন্ন সংস্থা। এসব জরিপে ৩৫ থেকে ৫০টি আসনে বিজেপির এগিয়ে থাকার তথ্য প্রকাশ করা হয়েছে।

জরিপ সংস্থা ম্যাট্রিজের এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৫-৪০ আসন। টানা দুই মেয়াদে দিল্লিতে ক্ষমতায় থাকা আম আদমি পার্টি পেতে পারে ৩২-৩৭ আসন। তবে এবারও দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির আভাস দিয়েছে বুথফেরত জরিপ। ম্যাট্রিজের জরিপ বলছে, ০-১ আসন পেতে পারে শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলটি। চাণক্যের এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৯-৪৪ আসন, আপ পেতে পারে ২৫-২৮ আসন, কংগ্রেস পেতে পারে ২-৩ আসন। আর ডিভি রিসার্চের জরিপ অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৬-৪০ আসন, আপ পেতে পারে ২৬-৩৪ আসন, কংগ্রেস পেতে পারে ০-০ আসন। এ ছাড়া আরও কয়েকটি সংস্থার বুথফেরত জরিপে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে।

এবার দিল্লিতে বিধানসভা নির্বাচনে আপ, কংগ্রেস ও বহুজন সমাজ পার্টি ৭০টি আসনেই লড়ছে। আর বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮টি আসনে। টানা দুই মেয়াদে দিল্লি বিধানসভা ভোটে একচেটিয়া জয় পেয়েছিল সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দুর্নীতিবিরোধী নেতা হিসেবে পরিচিতি পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন কেজরিওয়াল। তবে এবারের নির্বাচনে সেই দুর্নীতিবিরোধী নেতা লড়েছেন ব্যাপক দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত