সোনাগাজীতে পুলিশ পরিচয়ে ডাকাতি ও অগ্নিসংযোগ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম

ফেনীর সোনাগাজীতে পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভোয়াগ গ্রামের চন্দ্রন কুমার করের বাড়িতে এ ডাকাতি করা হয়। এসময় ডাকাতের পিটুনিতে আহত হয়েছে নারীসহ ৩ জন।

চন্দ্রন কুমার করের স্ত্রী রুমা কর বলেন, রাত আনুমানিক ২টার সময় ৭/৮ জন পুলিশ পরিচয় দিয়ে আমাদের ঘরে আওয়ামী লীগ নেতা নুর নবী মিস্টার ও মিলন চন্দ্র কর আশ্রয় নিয়েছে দাবি করে দরজা খুলতে বলে। আমরা থানায় ফোন করার কথা বললে তারা গান পাউডার দিয়ে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি প্রদান করে। ওই সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বাড়ির মধ্যে পরিত্যক্ত ঘর ও খড়ের স্তূপে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে আমরা প্রাণভয়ে দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে আলমারির চাবি দিতে বলে। আমরা চাবি দিতে প্রথমে অস্বীকৃতি জানালে ডাকাত দলের লোকজন আমাদের এলোপাথাড়ি মারধর করে। চাবি না দিলে জবাইয়ের হুমকি দেয়।

চন্দ্রন কুমার বলেন, একপর্যায়ে আমরা দুটি আলমারির চাবি দিয়ে দিলে তারা আলমারিতে থাকা নগদ ২৭ হাজার টাকা ও প্রায় দুই ভরি ওজনের গহনা দিয়ে যায়। একটি আলমারির চাবি খুঁজে না পেলে তারা সেটি ভেঙে ফেলে। ডাকাতের হামলায় তিনি, তার ছেলে সুমন চন্দ্র কর ও ছেলের স্ত্রী স্মৃতি কর আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় ওই বাড়ির আশপাশে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। পরে জানতে পারি ওই বাড়িতে ডাকাতি হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগীদের কাছ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত