ফেসবুক পোস্টে মাহফুজ

মব করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ এএম

দলবদ্ধ বিশৃঙ্খলা (মব) বন্ধ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল (শয়তান) হিসেবে ট্রিট (গণ্য) করা হবে।’ গতকাল সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম। তিনি আরও বলেছেন, ‘আজকের (গতকাল) ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না, আইন নিজের হাতে তুলে নেওয়া।’

মাহফুজ আলম এর আগেও বিশৃঙ্খলার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছেন। গতকাল তিনি লিখেছেন, ‘কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।’

ফেসবুক পোস্টে মাহফুজ আলম আরও লিখেছেন, ‘তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহাম্মকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত