জয় অপহরণ মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৬ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলার সাজা থেকে খালাস পেয়েছেন দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমানের করা আপিল মঞ্জুর করে গতকাল সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ তাকে খালাস দেন।

গত ২৯ সেপ্টেম্বর আপিলের শর্তে জামিন আবেদন করে সি এমএম আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান। এরপর ৩ অক্টোবর তিনি মহানগর দায়রা জজ আদালতে আপিল করার পর ওই দিন আপিল শুনানির জন্য গ্রহণ করে তার জামিন মঞ্জুর করে আদালত।

২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনকে পৃথক দুই ধারায় পাঁচ বছর ও দুবছর করে প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত অন্য তিনজন হলেন জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ

সেজার ও মিজানুর রহমান ভূঁইয়া। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

২০১৫ সালের ৩ আগস্ট রাজধানীর পল্টন থানায় এ মামলা দায়ের হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৬ সালের ১৬ এপ্রিল এ মামলায় গ্রেপ্তার হন শফিক রেহমান। পরে তিনি জামিনে মুক্তি পান। এ মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করে রায় দেয় আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত