টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন দীর্ঘদিন মির্জাপুরে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ফেনী পৌরসভার মৃত নুরুল ইসলামের ছেলে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর আলম ভূঁইয়া রাজা (৩৪) ও মির্জাপুর উপজেলার নাজিরপাড়া গ্রামের জামান মিয়ার ছেলে গোড়াই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দুরন্ত মিয়া (২১)।
পুলিশ জানায়, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর আলম ভূঁইয়া রাজা দীর্ঘদিন ধরে মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকায় তার এক স্থানীয় বন্ধুর আশ্রয়ে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিনে উপজেলার নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেতা দুরন্তকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, তাদেরকে দুপুরে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে।
