শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়া দলে এলো দুঃসংবাদ। সন্দেহজনক অ্যাকশনের অভিযোগ উঠল স্পিনার ম্যাট কুনেমানের বিরুদ্ধে। গলে দুই টেস্টের সিরিজে ১৭.১৮ গড়ে মোট ১৬ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি ফিঙ্গার স্পিনার।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দ্বিতীয় টেস্টের পর কুনেমানের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন আম্পায়ারেরা। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর ম্যাচ অফিসিয়ালরা তাদের সন্দেহের বিষয়টি জানান। কুনেমানের অ্যাকশন শোধরানোর মিশনে ক্রিকেট অস্ট্রেলিয়া তার পাশে থাকবে।
২০১৭ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ২৪টি পেশাদার ম্যাচ খেলেছেন কুনেমান, যার মধ্যে ৫টি টেস্ট এবং চারটি ওয়ানডে আছে। এছাড়া ২০১৮ সাল থেকে তিনি ৫৫টি বিগ ব্যাশের ম্যাচ খেলেছেন। ৮ বছরের ক্যারিয়ারে এই প্রথম তার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল। সমস্যার সমাধানে আইসিসির নিয়ম মেনে স্বাধীন বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আইসিসির নিয়মানুযায়ী, একজন বোলারের কনুই ১৫ ডিগ্রি পর্যন্ত প্রসারিত করার অনুমতি আছে। এর বেশি হলেই সেই ডেলিভারিকে অবৈধ বলে ধরা হয়। কুনেমানকে এখন অ্যাকশন শুধরে বোলিং পরীক্ষা দিতে হবে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবা কুনেমান কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
সরে গেলেন মিচেল স্টার্ক; মূল পেসারদের ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে অস্ট্রেলিয়া
নাটকীয় ম্যাচে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয়
রিয়াল সিটিকে হারাতে পারলে আমি আমার ... কেটে ফেলবো, চ্যালেঞ্জ আগুয়েরোর