ভোজ্য তেলের সংকট, ব্যবসায়ীদের দুষল ক্যাব

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ এএম

দেশের বাজারে ড্রামে বাজারজাত করা ৫৯ শতাংশ ভোজ্য তেলই ভিটামিন ‘এ’-সমৃদ্ধ নয় এবং বাকি ৩৪ শতাংশ ভোজ্য তেলে সঠিক মাত্রায় ভিটামিন ‘এ’ নেই। পাশাপাশি ব্যবসায়ীদের নানা টালবাহানায় বাজারে তেলের সংকট দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে আগামী এক সপ্তাহের মধ্যে বাজারের শৃঙ্খলা না ফিরলে ভোক্তায় তালা ঝোলানোর হুঁশিয়ারি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

গতকাল সোমবার অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্য তেল বাজারজাত করার প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক মানববন্ধনে এমন হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

মানববন্ধনে বাণিজ্য উপদেষ্টার উদ্দেশে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে না পারলে দস্তখত দিয়ে নিজ প্রতিষ্ঠানে চলে যাবেন। আপনাকে আমরা মন্ত্রণালয়ে দেখতে চাই না। এক সপ্তাহের মধ্যে বাজারে বিশৃঙ্খলা দূর করবেন। রমজানে বাজারে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখতে চাই না।’

ভোক্তা অধিকারের মহাপরিচালকের উদ্দেশে তিনি বলেন, ‘এক সপ্তাহের মধ্যে বাজারে শৃঙ্খলা ফেরাতে না পারলে আপনার দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হবে। আপনি এখানে অফিস করতে পারবেন না। আইনে যেভাবে খুচরা তেল সরবরাহের কথা বলা আছে, সেটি আপনাকে নিশ্চিত করতে হবে। আইন মেনে আপনারা কার্যকর ব্যবস্থা নেবেন।’

মানববন্ধনে বক্তারা বলেন, আইন অনুযায়ী ভিটামিন ‘এ’-সমৃদ্ধকরণ ছাড়া ভোজ্য তেল বাজারজাতকরণ দন্ডনীয় অপরাধ।

এ সময় মানববন্ধনে আরও বক্তব্য দেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য শওকত আলী খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত