রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সিদ্দিক হোসেন মোল্লা পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে।
নওগাঁ জেলা কারাগার ও নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, দুপুরে সিদ্দিক হোসেনকে অসুস্থ অবস্থায় নওগাঁ কারাগার থেকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সন্ধ্যায় তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।
নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্দিক হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কারা হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালের মাধ্যমে সিদ্দিক হোসেনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তিনি মারা যান।
গত ৪ ফেব্রুয়ারি পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে অভিযান চালিয়ে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ সিদ্দিক হোসেন ও কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তার দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গত ১৩ ফেব্রুয়ারি তাদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়।
বিএনপি নেতাদের খেজুর উপহার পাঠালেন সৌদি বাদশাহ