কুমিল্লার লালমাইতে যানজটের কবলে পড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের গাড়ি বহরকে ছাড়াতে গিয়ে বাসচাপায় জসিম উদ্দিন (৫২) নামে এক কর্মী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়ার মৃত আলী আশরাফ মোল্লার ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুরে জামায়াতের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে আমির শফিকুর রহমানের বহরের চারটি গাড়ি বাগমারা উত্তর বাজারে যানজটে আটকা পড়ে। এসময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ঢাকামুখী তিশা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ট্রাফিকের দায়িত্ব পালনকারী জসিম উদ্দীনের মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন বলেন, ‘জামায়াত আমির লক্ষ্মীপুর যাওয়ার পথে বাগমারা উত্তর বাজার বালুর মাঠে পথসভা করেন। পথসভাস্থলে পৌঁছার কিছুক্ষণ আগে তার গাড়িবহর যানজটে আটকা পড়ে। তখন তিনিসহ সংগঠনের ১৫-২০ জন কর্মী যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন শুরু করেন। আমিরকে নিয়ে তারা পথসভায় চলে যাওয়ার পর জামায়াতের কর্মী জসিম উদ্দীন বাসচাপায় মারা যান।’
নিহত ব্যক্তির ভাই মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘দুর্ঘটনার পর আমার ভাইকে সঙ্গে সঙ্গে কুমিল্লা সদর দক্ষিণের একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে উপজেলা জামায়াতের নেতারা এসেছেন।’
এ ঘটনা লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘বাগমারা উত্তর বাজারে বাসচাপায় জসিম উদ্দীন নামের একজন মারা গেছেন। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে। খবর পেয়েই তিনি নিহতের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন।’
চাহাল-ধনশ্রীর বিবাহবিচ্ছেদ নিয়ে কী হচ্ছে?
রাজধানীতে মোটরসাইকেলে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের