পবিপ্রবি

নেতাকে স্বাগত জানাতে গিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নেতাকে স্বাগত জানাতে গিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পবিপ্রবি ক্যাম্পাসের মুক্ত বাংলা চত্বরে এ সংঘর্ষ হয়।

জানা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের প্রস্তুতি সভায় যোগ দিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ক্যাম্পাসে আসেন। এ সময় উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মতিউর রহমান দিপুর নেতৃত্বে তার অনুসারীরা মুক্তবাংলা চত্বরে স্বাগত জানাতে জমায়েত হন। প্রোগ্রামে দাওয়াত না করায় ক্ষুব্ধ একই গ্রুপের আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে বেল্লাল, রাসেল, বাবুলসহ ১০/১৫ জনের দল আকস্মিক তেড়ে আসলে দু’গ্রুপে সংঘর্ষ বাঁধে।

এতে উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ৫২), বিএনপি নেতা জসিমউদদীন হাওলাদার (৫০), মতিউর রহমান দিপু (৪৮) গুরুতর জখম হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ইব্রাহিমের অবস্থা অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় মতিউর রহমান দিপু বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। দুমকি থানার ওসি মো. জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা ঘটেছে।

উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরীর পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা (উপজেলা বিএনপি) কিছুই জানি না। হামলা সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তদন্ত হচ্ছে, অভিযুক্তদের শাস্তি পেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত