মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে ডাকলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১১ এএম

মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশও একই বার্তা দিয়েছে।

এতে বলা হয়, রাত সাড়ে ৩টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় সংবাদ সম্মেলন করবেন। তবে সংবাদ সম্মেলন থেকে কী ঘোষণা আসতে পারে, এ বিষয়ে কিছু জানানো হয়নি। 

এদিকে রবিবার রাতে বনশ্রী ও মোহাম্মদপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর রাত ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা বলেন, কয়েকদিন ধরে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সোশ্যালে ভাইরাল হয়েছে। এসব বন্ধে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে আমরা দেখিনি। আজও মোহাম্মদপুর, বনশ্রী, ধানমন্ডিতে ছিনতাইকারী ও ডাকাতদের উপদ্রব ছিল। কেউ বাসা থেকে বের হতে নিরাপদবোধ করছে না, মানুষ আতঙ্কবোধ করছে। এমন পরিস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন তারা।

ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত