হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মজিদ খানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ জেলা সদরে রিপন শীল হত্যা মামলায় তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসাইন আবেদন শুনানির পর এ আদেশ দেন।
গত ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকায় গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন বানিয়াচং থানা পুলিশ তাক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বানিয়াচং উপজেলা সদরে গুলিতে ৯ জন নিহত হওয়ার ঘটনায় তিনি দুই নম্বর আসামি। এছাড়া একই আন্দোলন চলাকালে হবিগঞ্জ জেলা সদরে রিপন শীল হত্যা মামলায় তার নাম ৩ নম্বরে রয়েছে। অ্যাডভোকেট মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে ওই আসনে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী প্রার্থীর কাছে হেরে যান। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
