আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় ঘটে গেছে ইংল্যান্ডের। গতকাল লাহোরে আফগানদের কাছে ৮ রানে হেরেছে জস বাটলারের দল। এই বিপর্যয়ে ইংলিশ ক্রিকেটে তোলপাড় শুরু হয়েছে। পরাজয়ের দায় অধিনায়ক বাটলারের ওপরেই চাপাচ্ছেন সাবেক ক্রিকেটাররা। এখনই বাটলারকে বিদায় করার পক্ষেও মত দিয়েছেন অনেকে।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘মানুষ হিসেবে জস বাটলারকে আমি পছন্দ করি। ড্রেসিংরুমেও সে জনপ্রিয়। কিন্তু জনপ্রিয় হওয়াটা তার কাজ নয়, তার কাজ ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটকে এগিয়ে নেওয়া। আমি কখনোই অধিনায়ক বাটলারকে দেখে মুগ্ধতায় চমকে যাইনি। মরগানের মতো মাঠে তার সেই উপস্থিতিটা নেই। সবকিছু বিবেচনা করে আমার মনে হয়, তার সরে যাওয়াটাই ভালো।’
শুধু চ্যাম্পিয়নস ট্রফি নয়, এর আগে বাটলারের নেতৃত্বে সর্বশেষ চারটি দ্বিপাক্ষিক সিরিজেও হেরে গেছে ইংল্যান্ড। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে। এ কারণেই বাটলারের নেতৃত্ব নিয়ে জোরেশোরে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন ‘টেলিগ্রাফ’ -এ শঙ্কা প্রকাশ করে লিখেছেন, ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বাটলার টিকতে পারবেন না।
আরেক সাবেক অধিনায়ক মাইকেল আথারটন বলেছেন, ‘আমার মনে হয় অধিনায়ক হিসেবে তার সময় ফুরিয়েছে। ইংল্যান্ড নিজেদের বিচার করে আইসিসি ইভেন্ট দিয়ে। কিন্তু ইংল্যান্ড এ নিয়ে টানা তিনটি টুর্নামেন্ট বাজে কাটাল। ভারতে ওয়ানডে বিশ্বকাপে খুব বাজে খেলেছে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে। এখন তারা যে খেলাটা খেলেছে, সেটা আরও নিম্মমানের। কোনো কিছু কাজ না করলে কখনো কখনো পরিবর্তনের, অন্য কারও দায়িত্ব নেওয়ার কথা ভাবতে হয়। আমার মনে হয় বাটলারও এটা জানে।’
যাকে নিয়ে এত আলোচনা, সেই বাটলার কী ভাবছেন নিজেকে নিয়ে? গতকাল ম্যাচ শেষে নেতৃত্ব বিষয়ক প্রশ্নে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে একটু ভাবা দরকার, আমি সমস্যার অংশ নাকি সমাধানের। আমি এখন এখানে আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেব না। নিজেকে নিয়ে ভাবনার জন্য একটু সময় নেব, যেটা আমি মনে করি সঠিক এবং দায়িত্বের শীর্ষ যারা আছেন, তারাও নিজেদের মতামত দেবেন। অনেকেই মনে করেন, অধিনায়কত্ব আমাকে মানায় না। কিন্তু আমি নেতৃত্ব উপভোগ করি। এমনকি সেটা অধিনায়ক হওয়ার আগে থেকেই। অবশ্যই সবাই নেতৃত্ব দিয়ে দলকে জেতাতে চায়, যেটা কিছুদিন ধরেই আমরা পারছি না। এতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।’
বৃষ্টিতে ভাসছে রাওয়ালপিন্ডি; ক্রিকেটাররা মাঠে, হয়নি টস
সেমিফাইনালে উঠতে আফগানিস্তানের সমীকরণ কী?
এনদ্রিক দুর্দান্ত, নান্দনিক, চোখধাঁধানো: রিয়াল কোচ
চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলার বিষয়ে মুখ খুললেন স্টার্ক